আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ট্রাক চালক
দি নিউজ লায়নঃ আগ্নেয়াস্ত্র সহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম ফাহিম খান। উত্তর প্রদেশের জাহানাবাদে তার বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার গভীর রাতে ভাতার থানার নর্জা মোড়ে ট্রাকটিতে চেপে ৫-৬ জন যাচ্ছিল।
গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিস ট্রাকটির পিছু নেয়। পুলিসের গাড়ি তাড়া করেছে দেখে ট্রাক থেকে কয়েকজন ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর পুলিস ট্রাকটিকে আটকায়। ট্রাক চালকের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি রুটম্যাপ পায়। ধৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, একটি পণ্যবাহী লরি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের।
তার সঙ্গে লরিতে কলকাতার ভবানীপুর, ধর্মতলা ও ঝাড়খণ্ডের তিনজন ছিল। ছিনতাই করে পণ্যবাহী লরিটি ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ১০ দিন হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ৫ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment